Friday, November 25, 2016

মারের চোখে সোনালি আগামী

শঙ্কা ছিল রাজত্ব হারানোর। যে রাজত্বে তাঁর অভিষেক সপ্তাহ দুয়েক আগে। সমীকরণটা ছিল সরল। এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে এটিপি ট্যুর ফাইনালসের ফাইনালে জিততেই হতো অ্যান্ডি মারেকে। হারলেই রাজত্ব ফিরে পেতেন নোভাক জোকোভিচ।
পরশু লন্ডনের ও-টু অ্যারেনায় সব শঙ্কা উড়িয়ে দিয়েই ফাইনালটা জিতলেন মারে। ব্রিটিশ টেনিস তারকা একরকম উড়িয়েই দিলেন সার্বিয়ার নোভাক জোকোভিচকে (৬-৩, ৬-৪)। মারের এটাই প্রথম ট্যুর ফাইনালস শিরোপা। এই জয়ে বছর শেষের র‍্যাঙ্কিংয়েও শীর্ষে থাকা নিশ্চিত হলো তাঁর। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিকের পর ফেদেরার, নাদাল, জোকোভিচত্রয়ীর বাইরে অন্য কেউ এক নম্বর হিসেবে বছর শেষ করছেন।
বছরজুড়ে ধারাবাহিক থাকারই পুরস্কার পেলেন মারে। ১৯৭৪ সালের পর সবচেয়ে বেশি বয়সে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা মারে ক্যারিয়ারের উত্তুঙ্গ সময়টা পার করলেন এবারই। এবার চারটি গ্র্যান্ড স্লামের তিনটিরই ফাইনালে উঠেছেন। উইম্বলডনের পর সোনা জিতেছেন অলিম্পিকের এককে।
সাফল্যে মোড়ানো একটি বছর কাটানো মারে অবশ্য মনে করছেন ক্যারিয়ারের সেরা সময়টা এখনো সামনে পড়ে আছে। টানা ২৪টি ম্যাচ জেতা ২৯ বছর বয়সী মারে তা বলতেই পারেন, ‘সারা জীবন তো আর খেলব না তাই আগামী কয়েক বছরে চেষ্টা করব যতটা পারি সাফল্য ঘরে তুলতে। আমি চাই, সামনের কয়েকটা বছর আমার ক্যারিয়ারের সেরা সময় হোক। তবে কাজটা কঠিন হবে।

র‌্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

এই তো গত অক্টোবরে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে-অফের পরের ঘটনা। ভুটানের কাছে হেরে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে নেমে যায় বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান ছিল ১৮৮তম। তবে এক মাস পরই বাংলাদেশ একটু ঘুরে দাঁড়াল। আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বিস্ময়করভাবে উঠে গেল পাঁচ ধাপ ওপরে। কাল প্রকাশিত ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৮৩তম স্থানে। পাঁচ ধাপ ওপরে উঠেছে নেপালও, তাদের বর্তমান র্যাঙ্কিং ১৮১। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারত ১৩৭, আফগানিস্তান ১৪৭, মালদ্বীপ ১৫৪, ভুটান ১৭৬, শ্রীলঙ্কা ১৯৫ ও পাকিস্তান ১৯৭তম স্থানে রয়েছে।
ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। এক ধাপ এগিয়ে ব্রাজিল দুইয়ে, জার্মানি তিনে, চিলি চারে ও বেলজিয়াম পাঁচে অবস্থান করছে।

মোস্তাফিজের উন্নতি

দিনকয়েক ছুটি পেয়ে সাতক্ষীরা ঘুরে এলেন মুস্তাফিজুর রহমান। ছুটিতে যাওয়ার আগে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছে কয়েকদিন অনুশীলন করেছেন এই বাঁ-হাতে পেসার।

ওয়ালশ বলেছিলেন, মুস্তাফিজ ৫০ ভাগ শক্তি দিয়ে বোলিং করতে পারছেন। এই ক’দিনে তার আরও উন্নতি হয়েছে। কাল অনুশীলনে ৬৭ শতাংশ সামর্থ্য দিয়ে বোলিং করেছেন মুস্তাফিজ। তবে নতুন ফিজিও ইংল্যান্ডের ডিন কনওয়ে মনে করছেন, পুরো ফিট হতে তার এখনও তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে ২৬ ডিসেম্বর। তার আগে সিরিজের প্রস্তুতির জন্য ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ।